বুধবার, ১৭ জুন ২০২৬

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি শুনলেন ইরানের কালচারাল কাউন্সিলর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:৪৩

বাংলাদেশে নিযুক্ত ইরানের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মাদি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সংকট এবং নানামুখী সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের খোঁজখবর নেন। এ সময় রোহিঙ্গা বাসিন্দারা নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের আকুতি জানান। তারা দীর্ঘদিন ক্যাম্পে অবস্থানের কারণে শিক্ষা, কর্মসংস্থান সংকটসহ অনিশ্চিত ভবিষ্যতের কথা তুলে ধরেন।

ইরানি এই কূটনীতিক রোহিঙ্গাদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং তাদের মানবিক সংকট আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

এর আগে তিনি ক্যাম্প ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গাদের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য সারওয়ার আলম এবং মওলানা আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

পরে দুপুরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ শামীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফার্সি ভাষা বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

ভিডিও