চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক তিন দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. হারুন নামে এক ব্যক্তি নিহত হন। তিনি সীতাকুণ্ডের স্থানীয় বাসিন্দা। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে ওসি এমএ হক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হওয়ার সময় হারুন নিহত হন। উভয় ঘটনায় ঘাতক যানবাহন চিহ্নিত করা যায়নি।
এদিকে বেলা ১১টায় উপজেলার ছোট কুমিরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় হাসান নামে এক মাদ্রাসা ছাত্র মারা যান। নিহত হাসান মিরসরাই উপজেলার মির্জাবাজার দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিরায় বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিলো।
বারআউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে সকালে বাড়বকুণ্ড এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি রেল থেকে পড়ে গিয়ে মারা গেছে বলে তাদের ধারণা।