শনিবার, ১৩ জুন ২০২৬

হাটহাজারীতে পাহাড় কর্তনকারীদের পালাতে সহায়তা, দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:১৩

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে অভিযানের তথ্য ফাঁস করার অপরাধে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনা।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের পাহাড়ে এই অভিযান চালানো হয়।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাহাড় কর্তনে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত এক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযানের তথ্য আগে থেকেই অভিযুক্তদের জানিয়ে দেন বলে প্রমাণ ও স্বীকারোক্তি পাওয়া যায়।

এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

উপজেলা প্রশাসন জানায়, পাহাড় কর্তন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পূর্বতারা/ইউডি/ এ এইচ

ভিডিও