শনিবার, ১৩ জুন ২০২৬

ওমানে বিষাক্ত গ্যাসে নিহত চট্টগ্রামের চার ভাই

অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:০০

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামে এখন শোকের মাতম। চারিদিকে শুধু কান্না আর আহাজারি। বিলাপে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ওমানে বিষাক্ত গ্যাসে নিহত একই পরিবারের চার ভাইয়ের মরদেহ বুধবার (২০ মে) ভোরে চারটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পৌঁছেছে।

নিথর দেহগুলো লালানগরের বান্দাবাজর পাড়ার আবদুল মজিদের বাড়িতে পৌঁছার পর বাকস্তব্ধ পুরো এলাকা। একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু লালানগরের ইতিহাসে আগে কখনো ঘটেনি। চার ভাইয়ের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছার পর ধর্মীয় আচার রীতি পালনের মাধ্যমে তাদের জানাযা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে চার ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের ছোট ভাই মো. এনাম জানাযা পড়িয়েছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদেরকে দাফন করা হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, চার ভাই মারা যাওয়ার পর থেকে সাংসদ হুম্মাম কাদের চৌধুরী মহোদয়ের সার্বিক প্রচেষ্টা ছিল। তিনি সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। চার ভাইয়ের দেশে আসা এবং জানাযা পর্যন্ত সবকিছু যেন সুন্দর ভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে তিনি পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরাও নিয়মিত যোগাযোগ রেখেছি তাদের পরিবারের সাথে। মরহুমদের একমাত্র ছোট ভাই বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত। তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করাতে হলে তা করা হবে। তাছাড়া তার কর্মসংস্থানের বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, মরহুমের পরিবারের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যেকের জন্য তিন লাখ টাকা করে অনুদান প্রদানের বিষয়টি দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে জনপ্রতি ৩৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

ওমানে গ্যাস ক্রিয়ায় মারা যাওয়া চার ভাই হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ। জীবিকার সন্ধানে তারা দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওমানের আল মিলিদ্দা এলাকার আল মোছানা স্টেট অব আল বাতিনাহতে একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়।

গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে চারজনের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন চট্টগ্রাম-৭ আসনের (রাঙ্গুনিয়া) সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

পূর্বতারা/ইউডি

ভিডিও