বুধবার, ১৭ জুন ২০২৬

লোহাগাড়ায় টিউব মেহেদীর অনুমোদন নিয়ে অবৈধভাবে কসমেটিকস উৎপাদন

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৭:৪৬

চট্টগ্রামের লোহাগাড়ায় টিউব মেহেদী উৎপাদনের অনুমোদন থাকলেও সেই সীমা অতিক্রম করে অন্যান্য কসমেটিকস পণ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ কসমেটিকস জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার আলুঘাট রোডের জিসান সুপার মার্কেটে অবস্থিত ‘মেসার্স বিএম হার্বাল অ্যান্ড কসমেটিক’ নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির নামে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অনুমোদন শুধুমাত্র টিউব মেহেদী উৎপাদনের জন্য ছিল। তবে তারা অনুমোদনের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল। পাশাপাশি প্রতিষ্ঠানের কোনো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) লাইসেন্সও ছিল না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, জনস্বার্থে ভেজাল ও অবৈধ কসমেটিকস উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী প্রসিকিউটিং অফিসারের দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভিডিও