চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ডিপোতে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় সোহেলের ট্রাক ডিপোতে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন নাজিম উদ্দিন (৪৮), মো. আজম (২৮) ও কামাল হোসেন (৪৭)।
উপজেলা প্রশাসন জানায়, ডিপোর ভেতরে কয়েকটি দলে ভাগ হয়ে প্রায় ৪০ জন জুয়া খেলছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হলে বেশিরভাগ জুয়াড়ি পালিয়ে যান। পরে তিনজনকে আটক করা হয়।
প্রশাসনের দাবি, আটক কামাল হোসেন নিজের মেয়ের নূপুর নিয়ে জুয়া খেলতে এসেছিলেন। মেয়েটি গয়না নিতে বাধা দিয়ে কান্নাকাটি করছিল বলেও জানা গেছে। আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ টাকা ও গয়না উদ্ধার করা হয়।
তবে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নূপুর রুপার নয়, সিসার তৈরি। পরে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, ট্রাক ডিপোর চারদিকে সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। এ কারণে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করেন। এরপর ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।