চট্টগ্রামের পটিয়ায় দাঁড়িয়ে থাকা তিনটি সিএনজি অটোরিকশাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুই সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নয়াহাট গ্যাস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নয়াহাট গ্যাস পাম্প এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাগুলোকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার কার্যক্রম শুরু করে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বর্তমানে দুর্ঘটনাকবলিত সিএনজিগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।