শনিবার, ১৩ জুন ২০২৬

ওমানে একই গাড়িতে রাঙ্গুনিয়ার চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:০১

ওমানে একই গাড়ির ভেতরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার রাতে ওমানের মুলাদ্দাহ এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে সেদেশের পুলিশ। ধারণা করা হচ্ছে, ওমানের মুলাদ্দা নামক এলাকায় বুধবার (১৩ মে) গাড়ির এসির বিষাক্ত গ্যাস নির্গত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

ওই চার ভাই হলেন মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ। তাঁদের বাড়ি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়ায়।

পরিবার সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে দুজনের আগামীকাল শুক্রবার দেশে ফেরার কথা ছিল। তাই চার ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এর মধ্যেই পথে গাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল, এতে তাঁদের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম সমিতি, ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী বলেন, গতকাল সন্ধ্যায় ওই চার ভাই ওমানের বারকা এলাকায় ছিলেন। পরে সেখান থেকে মুলাদ্দাহর দিকে রওনা দেন। সেখানে একটি ক্লিনিকের সামনে পার্ক করে রাখা গাড়িটির ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার হয়।

মো. ইয়াসিন চৌধুরী আরও বলেন, রাত আটটার পর ওই চার ভাইয়ের একজন বারকা এলাকায় থাকা তাঁদের এক স্বজনকে ভয়েস ম্যাসেজ দিয়ে জানান, তাঁরা খুবই অসুস্থ। গাড়ি থেকে বের হতে পারছেন না। যেখানে অবস্থান করছেন, সেই এলাকার লোকেশনও পাঠান। এর মধ্যেই রাতে মুলাদ্দাহ এলাকায় পার্ক করে রাখা গাড়িটির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান দুই প্রবাসী বাংলাদেশি। এরপর পুলিশ এসে দরজা খুলে চারজনের লাশ উদ্ধার করে। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, অসুস্থ বোধ করায় চিকিৎসা নিতেই ক্লিনিকটির সামনে গাড়ি নিয়ে গিয়েছিলেন চার ভাই। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আমরা সার্বক্ষণিক নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন বলেন, একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। লাশ দেশে আনার চেষ্টা চলছে।

রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও