চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মাদরাসা শিক্ষক খুন হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম আবুল কাশেম (৬০)। তিনি ওই এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে এবং চরম্বা জামেউল উলুম দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। আজ একপক্ষ বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করে। এতে অপরপক্ষ বাধা দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আবুল কাশেমসহ কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে আনার আগেই আবুল কাশেমের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ঘটনাটি জানার পর আমিসহ পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।