বুধবার, ১৭ জুন ২০২৬

রামগড়ে বালু উত্তোলন বন্ধে অভিযানে হামলা, ইউএনওসহ আহত ১১

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:২৯

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে পরিচালিত প্রশাসনের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আরও রয়েছেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, আনসার সদস্য নূর মোহাম্মদ ও সালাউদ্দিন, অফিস সহকারী জয়নাল আবেদীনসহ কয়েকজন গ্রামবাসী। আহত গ্রামবাসীদের মধ্যে মোহাম্মদ আজাদ, সুমন, নূর হোসেন ও আব্দুল হাসেমের নাম জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বলিপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাম্প ও পাইপ অপসারণ করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে বালু উত্তোলনকারীদের উসকানিতে স্থানীয় কিছু লোক প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হয়। এতে কয়েকজন গ্রামবাসী আহত হন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, অভিযানে গিয়ে তারা অন্তত ১০টি স্থানে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পান। একটি স্থানে প্রায় ৩০ ফুট গভীর করে বালু তোলা হচ্ছিল বলেও তিনি জানান। তিনি বলেন, প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল তাদের ওপর চড়াও হয় এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সরে আসেন।

তিনি আরও জানান, ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার শাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও