শনিবার, ১৩ জুন ২০২৬

গ্রামীণ জনপদকে শহরের সুবিধায় গড়ে তুলতে কাজ করছে সরকার: মীর হেলাল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:৪৮

ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামীণ জনপদকে শহরের সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (১২ মে) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকারের লক্ষ্য শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করা। হাটহাজারীতে শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা সম্প্রসারণে ভবিষ্যতেও আরও বড় প্রকল্প গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিন উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, সড়ক কার্পেটিং, আরসিসি ঢালাই সড়ক, ড্রেন নির্মাণ, ব্রিজ ও জনসাধারণের চলাচল সহজীকরণে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ। স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থার কারণে তারা নানা সমস্যার মুখোমুখি ছিলেন। নতুন প্রকল্প বাস্তবায়নের ফলে এখন যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হওয়ায় কৃষকরাও উপকৃত হবেন বলে মত দেন অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা। এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ভিডিও