পাহাড়ে শিক্ষার মানোন্নয়নের জন্য খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা এবং জনসেবা নিশ্চিত করতে এদিন খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
দীপেন দেওয়ান বলেন, পাহাড়ি কৃষিপণ্য ও ফল সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার নির্মাণ এবং পর্যটন নগরী সাজেকে যাতায়াত সহজ করতে সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা পার্বত্যাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত। এ ছাড়াও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ওবায়দুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার মোরতোজা আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছারসহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ।