চট্টগ্রামে একীভূত ব্যাংকগুলোর বিরুদ্ধে আমানতকারীদের আন্দোলন কর্মসূচি আরও তীব্র রূপ নিয়েছে। খাতুনগঞ্জ, আগ্রাবাদের পর এবার তারা নগরীর জুবিলী রোডের শাখাগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে এনায়েতবাজার জুবিলী রোডে অবস্থিত একীভূত ব্যাংকগুলোর শাখায় আমানতকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
জমানো টাকা উত্তোলন, হেয়ার কাট বাতিল ও ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আমানতকারীরা এ কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত আমানতকারী মো. মঞ্জু তার বক্তব্যে বলেন, আন্দোলনের রূপরেখা হিসেবে একীভূত ব্যাংকের জুবিলী রোডের শাখাগুলোতে অবস্থান নিয়েছি। আপনারা কর্মকর্তারা এসির বাতাস খাচ্ছেন, বেতন পাচ্ছেন, আরামে দিন কাটাচ্ছেন। আর আমরা কষ্টে বেঁচে আছি। পবিত্র ঈদুল আযহা চলে এসেছে। অথচ কিভাবে কোরবানি করব ? ছেলেমেয়েরা আবদার করছে। কিন্তু ছেলেমেয়েদের আবদার কিভাবে মেটাব ? আমি দুইটা গরু দিয়ে কোরবান করেছি। আজ ছাগল কেনারও টাকা নেই। সামাজিক ভাবে আমরা আত্মসম্মান হারিয়ে ফেলেছি।
তিনি আরও বলেন, আমানতকারীদের বিরুদ্ধে যদি হয়রানিমূলক কোন কর্মকাণ্ড গ্রহণ করা হয় তাহলে আমরা অ্যাকশনে যাব এবার। আমরা লাঠি নিয়ে এসে হামলা চালাব। আমরা চাই না ওই পথে যেতে।
বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন’র সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সকালে সাড়ে ৯ টা থেকে আমরা পাঁচ ব্যাংকের শাখায় কর্মসূচি পালন করেছি। আমাদের ফরিয়াদ, আকুতি পাঁচটি ব্যাংকের শাখা প্রধানদের কাছে অবহিত করেছি। তাদের মাধ্যমে আমরা ব্যাংকগুলোর উর্ধতম মহলের কাছে দাবি পূরণের অনুরোধ জানিয়েছি। আগামী দুয়েকদিনের মধ্যে ব্যাংকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।
স্যোসাল ইসলামী ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক মো. জাবেদ মোর্শেদ বলেন, আমরা নিজেরাই ফোন করে করে গ্রাহকদেরকে দুই লাখ টাকা করে দিয়েছি। উনাদের আসার অপেক্ষা করি নাই। যদি কোন সিদ্ধান্ত উর্ধতন মহল থেকে আসে সেটিও আপনাদেরকে জানানো হবে। ব্রাঞ্চ লেবেলে যতটুকু করার আছে, ততটুকু আমরা করে যাব। আর আপনাদের দাবির কথা উর্ধতন মহলকে জানানো হবে। উর্ধতন মহল যে সিদ্ধান্ত দেয় সেটি আপনাদেরকে জানানো হবে।
এর আগে ৩ মে খাতুনগঞ্জ এলাকায় একীভূত ব্যাংকের পাঁচ শাখায় অবস্থান কর্মসূচি পালন করেছিল বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন । পরদিন ৪ মে আগ্রাবাদে ব্যাংকের পাঁচ শাখায় কর্মসূচি পালন করে সংগঠনটি। একপর্যায়ে আমানতকারীরা ব্যাংকের বিভিন্ন শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন। আজ সোমবার এনায়েতবাজার জুবিলী রোডের শাখায় তারা কর্মসূচি পালন করে।
একীভূত ব্যাংকগুলো হলো- ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
পূর্বতারা/ইউডি