বুধবার, ১৭ জুন ২০২৬

সাতকানিয়ায় পিতা হত্যার বিচার চায় সন্তানেরা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৬:১১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তের হাতে নিহত শাহাদাত হোসেনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তার সন্তানেরা। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে আজ রোববার সকালে সাতকানিয়া উপজেলাধীন কেরানিহাট চত্বরে হাতে ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন নিহতের সন্তানেরা।

মানববন্ধনে তার সন্তানেরা বলেন, আমাদের বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। বাবার মতো করে আমাদের দেখার কেউ নেই। এখন আমরা চার ভাই-বোন এতিম হয়ে গেছি। আমরা শুধু চাই, বাবার হত্যাকারীরা যেন শাস্তি পায়।

এ সময় শাহাদাত হোসেনের বড় ছেলে ইয়াছিন আরাফাত (১১), মেঝ ছেলে আব্দুল্লাহ আল নোমান (৮), সেজ মেয়ে শাহাদাত বিনতে আলাইনা (৫) ও ছোট ছেলে আবদুর রহমান (৮ মাস) উপস্থিত ছিল।

প্রসঙ্গত, ইয়াবাসহ মোহাম্মদ কামাল ওরফে পিচ্চি কামাল নামে এক মাদক কারবারিকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দিয়েছে  এমন সন্দেহে গত ২৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে সাতকানিয়ার রাস্তার মাথা এলাকায় মুখোশধারীরা শাহাদাত হোসেনকে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে পালিয়ে যায়। পরদিন (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন রাতে নিহতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে ৯ জনকে এজাহারনামীয় এবং ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ মামলায় এজাহারনামীয় ও সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও