বুধবার, ১৭ জুন ২০২৬

পটিয়ায় আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর, চ্যাম্পিয়ন মাছুম বলী

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৩:১৪

চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী আমজু মিয়ার বলীখেলার ১১৭ তম আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে পটিয়া পৌরসদরের বৈলতলী রোডস্থ আমজু মিয়া চেয়ারম্যানের বাড়ির মাঠে এ বলীখেলার আসরটি বসেছে। খেলায় বোয়ালখালীর কাঞ্চন বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর মাছুম বলী।

এবারের আসরে অর্ধশতাধিক বলী অংশ নিয়েছেন। বলীখেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এনামুল হক এনাম। বলী খেলা উদযাপন পরিষদের আহ্বায়ক আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু ও পৌরসভা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, পটিয়ার ঐতিহ্যবাহী আমজু মিয়ার বলীখেলা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি শত বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ বলীখেলা গ্রামবাংলার শারীরিক সক্ষমতা, সাহস ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সংস্কৃতিমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

বলী খেলা উপলক্ষে দিনব্যাপী লোকজ মেলায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে।

পূর্বতারা/ ইউডি/ ইমরান হোসেন মুন্না

ভিডিও