হাটহাজারীতে প্রথমবার নিজ জন্মভূমিতে আগমন করে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে এবং নারী শিক্ষা ও নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের বিএনপি পরিবার ও সর্বস্তরের জনগণের উদ্যোগে লালিয়ারহাটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এটি ছিল তার প্রথম নিজ এলাকায় আগমন।
ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক। তিনি আরও বলেন, এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি জানান, মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হাটহাজারীর অবকাঠামোগত উন্নয়নেও অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
নিজ অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এটি তার জীবনের অন্যতম গর্ব ও আবেগের দিন, যা জনগণের ভালোবাসা ও আস্থার ফল। তিনি তার প্রয়াত পিতা চট্টগ্রাম-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের স্মৃতিচারণ করে বলেন, বাবার দেখানো পথ অনুসরণ করেই আমি আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই।
এর আগে, বিকেলে লালিয়ারহাটে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তিনি পিতার কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।