বিএনপি আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করছেন। তারা দীর্ঘ ১৭ বছর নিজেদের অর্থ ও শ্রম দিয়েছেন এবং দিনের পর দিন কারাবরণ করেছেন। কিন্তু বর্তমানে বিএনপি হাইজ্যাক হয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
হাসনাত আবদুল্লাহ বলেন, ওয়াসিম, আবু সাঈদ, মুগ্ধরা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এসে সেই অবস্থান থেকে পিছিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশের স্বপ্ন ও তাদের নেতাকর্মীদের আকাঙ্ক্ষা থেকে দলটি অনেক দূরে সরে গেছে।
এনসিপি নেতা নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাদের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে তারা বাংলাদেশপন্থা, সংস্কার ও শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি দাবি করেন। তবে বিএনপির অনেক সাধারণ নেতাকর্মী এখনো সেই চেতনার সঙ্গে আছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, চট্টগ্রামে জুলাই আন্দোলনে নারীদের বড় ভূমিকা থাকলেও তাদের সংগঠিত করা যায়নি। ভবিষ্যতে নারী নেতৃত্বকে পুনর্গঠন ও সক্রিয় করার আহ্বান জানান তিনি।