বাংলাদেশ থেকে টেকনাফ হয়ে মায়ানমারে পাচার হচ্ছে সয়াবিন, পেঁয়াজ ও ময়দাসহ নানা ভোগ্যপণ্য। টেকনাফে সমুদ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সয়াবিন,পেঁয়াজ ও ময়দাসহ পাচারকারী চক্রের ১৩ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (৬মে) রাত ১ টা থেকে ভোর ৪টা পর্যন্ত পৃথক অভিযান চালানো হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়েছে।
বুধবার (৬ মে) রাত ১টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী দ্বীপে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, একটি বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ এবং ৪৫০ কেজি ময়দা। এ ঘটনায় ৩ জন পাচারকারীকে আটক করা হয়। আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার মো. হামিদুল্লাহ (৩০), মো. ফারুক (১৯) এবং রেজাউল করিম (১৮)।
মঙ্গলবার (৫ মে) ভোর ৪টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি করে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন, লক্ষীপুরের কমলনগরের মো. ইলিয়াস (৩৫), পটুয়াখালীর মাঝের চর এলাকার মো. রিয়াজ (৩০), চট্টগ্রামের আশিয়া এলাকার মো. তৈয়ব (২৪), পটিয়ার সাততিয়া এলাকার মো. ইমরান (২১), উত্তর দেয়ান কোটলপাড়া এলাকার মো. ফোরকান (৫৫), সাতকানিয়ার চৌধুরীপাড়া এলাকার মো. নাসির (৩৫), কিশোরগঞ্জের চানপুর এলাকার মো. আশরাফুল আলম (২৪), ভোলার দক্ষিণ ফাতেমাবাদের মো. করিম (৩২), একই এলাকার মো. হাসনাইন (২২) এবং মলনচোরা গ্রামের মো. উসমান (২৮)।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।