চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় হত্যা মামলার আসামি উপস্থিত থাকার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টার সময় মিরসরাই উপজেলা সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভাটিতে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ।
গত ১২ মার্চ মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ডাম্পট্রাক চাপায় যুবদলের আহবায়ক কামাল উদ্দিন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনি প্রধান আসামি।
খোঁজ নিয়ে জানা গেছে, অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিনও উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সাথে যোগাাযোগ করা হলে তিনি বলেন, ‘সোহাগ নামের ওই ব্যক্তিক আমি প্রবেশ করতে দেখিনি। হয়তো পেছনের দরজা দিয়ে ঢুকেছেন। তবে সভায় নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ উপস্থিত থাকার নিয়ম নেই।’
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ আইনশৃঙ্খলা সভায় উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে। তিনি বলেন, ‘বুধবারের আইনৃঙ্খলা সভার শেষ দিকে আমি ভেতরে কিছুক্ষণ অবস্থান করেছি। পরে বের হয়ে যাই।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ মার্চ মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ডাম্পট্রাক চাপায় মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন নিহত হন। এ মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ১৪ মার্চ জোরারগঞ্জ থানায় নিহতের ছেলে আরাফাতুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে।
পূর্বতারা/ইউডি