বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চট্টগ্রামে বাসে বাড়তি ভাড়ার প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ মে ২০২৬, ০৪:২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে চট্টগ্রাম নগরীর ইপিজেড (সিইপিজেড) মোড় এলাকায় বাসের বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরোধ করে রাখেন তারা।

অবরোধে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, আনোয়ারা কোরিয়ান ইপিজেডগামী শ্রমিকদের কাছ থেকে গত কয়েকদিন ধরে পরিবহন শ্রমিকরা বাড়তি ভাড়া আদায় করে আসছিল। এর প্রতিকারে বিকল্প পরিবহন ব্যবস্থা চালুর চেষ্টা করা হলেও রুট পারমিট জটিলতায় তা বন্ধ হয়ে যায়। মূলত এর প্রতিবাদেই শ্রমিকরা সড়কে নামেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবহন মালিকরা গাড়িপ্রতি প্রায় ৫০০ টাকা ভাড়া বাড়িয়েছিলেন। এই বাড়তি ভাড়া মেনে নিতে না পারায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং এর জেরেই এই অবরোধের ঘটনা ঘটে।

তিনি বলেন, পরিবহন মালিকপক্ষ ও পুলিশের মধ্যস্থতায় আলোচনার পর শ্রমিকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নিয়ে কাজে ফিরে যান। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও