শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম পৌঁছেছে ইস্টার্ন রিফাইনারির কাঁচামাল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ মে ২০২৬, ১১:২৫

ইস্টার্ন রিফাইনারির কাঁচামাল নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’। সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া পৌঁছেছে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে সৌদি আরবের ক্রুড অয়েল কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সৌদি ক্রুড অয়েল ইস্টার্ন রিফাইনারিতে রিফাইনিং করে বিভিন্ন ধরণের জ্বালানি উৎপাদন করা হয়।

বুধবার (৬ মে) বিকেল থেকে জাহাজটির ক্রুড অয়েল লাইটারিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। ৭ মে (বৃহস্পতিবার) ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা প্ল্যান্ট পুনরায় চালু করা হবে।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বলেন, ‘এমটি নিনেমিয়া’ বুধবার বেলা ১১টায় কুতুবদিয়ায় নোঙর করছে। লাইটারিংয়ের জন্য আগে থেকেই দুটি জাহাজ কুতুবদিয়া রেডি রাখা হয়েছে। বিকাল থেকে জাহাজে লাইটারিং শুরু হবে। আশা করছি আগামীকাল (৭ মে) আমাদের প্ল্যান্ট শুরু করা যাবে।

তিনি বলেন, ‘ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড নেওয়ার জন্য এমটি ফসিল নামের আরেকটি জাহাজ ফুজাইরার পথে রয়েছে। এটিও ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে।’

ভিডিও