ঘর ভরা মিষ্টি। কিন্তু সেই মিষ্টি আর মুখে তুলতে ইচ্ছে করছে না । ময়লা আর দুর্গন্ধে ভরা চারপাশ। কর্মীরা খোলা হাতেই বানাচ্ছে মিষ্টি। তাদের পরনে নেই কোনো সুরক্ষা পোশাক। উৎপাদিত খাবারের চারিদিকে তেলাপোকা, পিপড়া আর মাছি ভন ভন করছে।
আজ রোববার দুপুরে চট্টগ্রামের নাসিরাবাদে মধুবন ফুড ইন্ডাস্ট্রিতে অভিযানে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে এমন অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের চিত্র চোখে পড়ে সংস্থাটির কর্মকর্তাদের।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম’র উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। অভিযানে গিয়ে আমরা দেখি প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। খাবারে তেলাপোকা, কেকের গায়ে পেপার লাগানো, উৎপাদনের তারিখ বা মেয়াদ নেই প্যাকেটে। প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে । তাছাড়া ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে।
পূর্বতারা/ইউডি