বুধবার, ১৭ জুন ২০২৬

টেকনাফের ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদ থেকে সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে মাছ ধরে ফেরার পথে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান ও শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, ‘ভোরে জেলেরা নাফ নদে মাছ ধরতে যান। দুপুরে ফিরে আসার সময় হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকাসহ জিম্মি করে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

নৌকার মালিক আব্দুস শুক্কুর বলেন, ‘নৌকায় চারজন জেলে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। দ্রুত তাদের ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, ‘জেলেদের আটকের খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।’

ভিডিও