বুধবার, ১৭ জুন ২০২৬

জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭

চট্টগ্রাম মহানগরীর খাল ও নালার পানি নিষ্কাশন সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন কাজের সমন্বয় জোরদারে ১৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার।

আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই কমিটি গঠন করা হয়েছে। বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি দুপুরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে হস্তান্তর করেছেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

কমিটির সদস্যরা হলেন: ব্রিগেড কমান্ডার, ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১’র উপসচিব, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক (সেনাবাহিনী), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চীফ হাইড্রোগ্রাফার, চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক (চউক), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড’র মহাব্যবস্থাপক, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ,জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ প্রমুখ।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি চট্টগ্রাম মহানগরীর খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনসহ জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি করবে।

কমিটি প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় করবে। পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান এবং প্রয়োজনে বিভিন্ন দপ্তর বা সংস্থার প্রতিনিধিকে কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে কমিটির।

পূর্বতারা/ইউডি

ভিডিও