চট্টগ্রামের কর্ণফুলীতে অতিবৃষ্টির কারণে সীমানা প্রাচীর ধসে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শিকলবাহা ইউনিয়নের উত্তর শিকলবাহা আহাসানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দিলোয়ারা বেগম (৬০)। তিনি ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ভাতিজা মোহাম্মদ হানিফ বলেন, দুপুরের বৃষ্টির পর দিলোয়ারা বেগমসহ আরও দুইজন ওই পথ দিয়ে হাঁটছিলেন। এ সময় প্রতিবেশী হুমায়ুন চৌধুরীর বাড়ির ইটের তৈরি সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে। এতে তারা চাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, কর্ণফুলী থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।