বুধবার, ১৭ জুন ২০২৬

কাদায় একাকার প্রবর্তক মোড়

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩১

বৃষ্টির পানি নেমে গেছে। প্রবর্তক মোড়ের সড়ক এখন জলাবদ্ধতামুক্ত। তবে পানি নেমে গেলেও সড়কে জমেছে ময়লার পুরু স্তর। পানি আর কাদায় একেবারে একাকার চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় সড়ক এলাকাটি। এ অবস্থায় কাদাযুক্ত সড়কে যানবাহন চলাচলের ফলে সড়কে আরও বেগতিক পরিস্থিতি হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন

বুধবার সকালে প্রবর্তক মোড় এলাকায় সরেজমিন দেখা গেছে, সড়ক আর পানি নেই। পানি এখন প্রবাহিত হচ্ছে হিজড়া খালের ওপর দিয়ে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সড়কে জমা কাদা,ময়লা পরিস্কার করা হচ্ছে। এ কাজে সংস্থাটির পক্ষ থেকে পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব দেয়া হয়েছে। কর্মীরা বেলচা, শাবল দিয়ে সড়কের কাদা পরিস্কার করছেন। জমে থাকা ময়লা মাটি অপসারণ করছেন।

পাশাপাশি প্রবর্তক মোড় সংলগ্ন সড়কের নালাগুলোও পরিস্কার করা হচ্ছে। পানির প্রবল চাপে পুরো এলাকার ময়লা আবর্জনা এসে নালা একেবারে ভরাট হয়ে রয়েছে। এতে করে স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ। এমন অবস্থায় আবার বৃষ্টি হলে নালায় পানি স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে। এ সমস্যা দূরীকরণে চসিকের কর্মীরা জরুরি ভিত্তিতে সংলগ্ন নালা পরিস্কার কাজ চালিয়ে যাচ্ছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে যাওয়া মো. হারুন বলেন, আমি হাটহাজারী থেকে বাসে করে প্রবর্তক মোড়ে এসেছি। এখানে রাস্তায় হাঁটা যাচ্ছে না। পানি নামার পর রাস্তায় সব ময়দা আর কাদা। তারওপর গাড়ির চাকার সাথে মিশে পুৃরো সড়ক এলাকায় ছড়িয়ে যাচ্ছে ময়লা। অবস্থা একেবারে নাজুক।

এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে সকালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রবর্তক মোড় পরিদর্শনে করেছেন। তিনি এসময় নিয়োজিত কর্মীদেরকে দ্রুত সময়ে সড়কের ময়লা পরিস্কার করার জন্য নির্দেশনা দেন।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের কারণে হিজড়া খালে বাঁধ দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সিডিএ ও সেনাবাহিনী কাজটি করছে। উন্নয়নের জন্য নগরবাসীকে জলদুর্ভোগে পড়তে হয়েছে। এজন্য মেয়র হিসেবে আমি ক্ষমাপ্রার্থী। জনসাধারণকে মনে রাখতে হবে যে, শহরকে জলাবদ্ধতামুক্ত করার জন্য এ কাজ হচ্ছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুম যেহেতু চলে এসেছে। আগামী ছয় মাস জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। তাই করণীয় নির্ধারণে আগামীকাল সিডিএ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছে। আশা করি বৈঠকে চুড়ান্ত একটি সিদ্ধান্তে আসা যাবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও