রবিবার, ২১ জুন ২০২৬

১৫ মে’র মধ্যে খাল সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিলেন মেয়র শাহাদাত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম ও তাৎক্ষণিক পদক্ষেপের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ডা. শাহাদাত হোসেন। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী ১৫ মে’র মধ্যে খাল সংস্কার কাজ শেষ হলে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি আসবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরের মুরাদপুর, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়সহ জলাবদ্ধতাপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে চলমান কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

মেয়র শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর আওতাধীন খাল সংস্কার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। বিশেষ করে হিজরা খাল ও জামালখান খালের সংস্কার কাজের কারণে কিছু এলাকায় সাময়িকভাবে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, ফলে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।’

তিনি বলেন, ‘এই উন্নয়ন কাজের কারণে সাময়িক দুর্ভোগ তৈরি হলেও এটি দীর্ঘমেয়াদে নগরবাসীর জন্য সুফল বয়ে আনবে। আশা করছি, ১৫ মে’র মধ্যে কাজ শেষ হলে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।’

এদিকে একইদিনে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিপাতের ফলে নগরের জিইসি মোড়, কাতালগঞ্জ ও প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে মাঠে নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মেয়রের নির্দেশনায় নগরের বিভিন্ন ওয়ার্ডে জোরদার করা হয় নালা-নর্দমা পরিষ্কার ও পানি নিষ্কাশন কার্যক্রম। তিনি বিশেষ করে ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে সরেজমিনে কার্যক্রম তদারকি করেন।

মেয়র বলেন, ‘নগরবাসীর দুর্ভোগ কমাতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে পানি জমলেও দ্রুত নিষ্কাশনের জন্য আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।’

চসিক সূত্রে জানা গেছে, পানি দ্রুত অপসারণে অতিরিক্ত জনবল নিয়োগ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত নামতে শুরু করেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করেছে চসিক। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিডিও