বুধবার, ১৭ জুন ২০২৬

ঝুঁকি নিয়ে চলাচল

লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ব্রিজ, বালু উত্তোলনে নড়বড়ে পিলার

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পুটিবিলা ইউনিয়নের এমচর হাট সংলগ্ন ডলু নদী উপর নির্মিত স্টিল ব্রিজটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন।

১৯৯৪ সালে বরাদ্দ পাওয়া এবং ১৯৯৬ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির দৈর্ঘ্য ১২১ মিটার ও প্রস্থ ৪ মিটার। ৩০ বছর মেয়াদোত্তীর্ণ এ ব্রিজটি লোহাগাড়া সদর বটতলী মোটর স্টেশন থেকে দরবেশ হাট-এমচর হাট হয়ে পার্বত্য জেলার লামা উপজেলা ও আলিকদম উপজেলার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম।

স্থানীয় সূত্রে জানা যায়, ডলু নদী থেকে দীর্ঘদিন ধরে বৈধ ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গভীরতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ব্রিজ সংলগ্ন এলাকায় বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। এতে ব্রিজের পিলারের গোড়ার মাটি সরে গিয়ে পিলারের নিচের অংশ ঝুলন্ত অবস্থায় রয়েছে, যা ব্রিজটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ব্রিজটির বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত এবং পিলারের বেইজের ২০-২৫ ফুট পর্যন্ত অংশ মাটিবিহীন হয়ে পড়েছে।

স্থানীয় সিএনজি অটোরিকশা চালক হেফাজতুর রহমান বলেন, ‘এই ব্রিজের কারণে লামা-আলিকদমে সহজে যাতায়াত করা যায়। কিন্তু এখন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।’

এমচর হাটের ব্যবসায়ী আবদুস সালাম বলেন, ‘ব্রিজটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।’

চুনতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী জানান, ‘ব্রিজটি ধসে পড়লে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়বে। বড় দুর্ঘটনার আগেই ব্যবস্থা নিতে হবে।’

চাম্বী লেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহাবুবুর রহমান বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের কারণেই ব্রিজটির বর্তমান নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য মো. নাছির উদ্দীন বলেন, ‘কিছু মেরামত কাজ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ফাহাদ-বিন-মাহমুদ জানান, ব্রিজটি সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সিদ্ধান্ত পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভিডিও