চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের মেয়াদকাল নিয়ে চলা আলোচনা সমালোচনার জবাব দিয়েছেন তিনি। মেয়র বলেছেন, আদালেতের রায়ে স্পষ্ট করে উনাকে (রেজাউল করিম) বাতিল করে আমাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। সেখানে আমাকে স্পষ্ট মেয়র হিসেবে ঘোষণা করা হয়। আমাকে কোন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। আর সেখানে কোথাও উল্লেখ করা হয়নি আমাকে নির্দিষ্ট তারিখ বা সময় পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছি।
সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন। তিনি প্রশ্ন তুলে বলেন, একজন মেয়র বাতিল হলে তার মেয়াদকালও তো বাতিল হওয়ার কথা।
তিনি বলেন, আমি এমন কোনো প্রার্থী নই, যিনি হঠাৎ করে কোনো শূন্য পদে উপনির্বাচনের মাধ্যমে এসেছি। একটি নিয়মিত নির্বাচনের মধ্য দিয়েই আমি প্রার্থী হয়েছিলাম। যেখানে আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এ জন্য আমি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করে জয়ী হয়েছি। তিনি (রেজাউল করিম) যে আমার সাড়ে ৩ বছর সময় খেয়ে ফেলেছে, এটা তো আমার ন্যায্য অধিকার। এ অধিকার থেকে তো কেউ আমাকে বঞ্চিত করতে পারে না।
তিনি আরও বলেন, আমি একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। কারণ সেখানেই আমার সেটিসফেকশন। আমি দীর্ঘ ৪০ বছর ধরে এই শহরের সিনিয়র রাজনীতিবিদদের সাথে রাজনীতি করেছি।
ডা. শাহাদাত জানান, বিষয়টি পরিষ্কার করতে একটি ‘ল কনসালটেন্ট ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আইনি ও প্রশাসনিক ব্যাখ্যা প্রস্তুত করে গণমাধ্যম ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে, যাতে জটিলতার সমাধান হয়।