চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় এক চা দোকানির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।
নিহত মুহাম্মদ শাহাদাত (৩০) সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় নিজের দোকানের সামনে গতকাল রবিবার রাত ১১টার দিকে বসা ছিলেন শাহাদাত। হঠাৎ ১০-১১ জন এসে তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে চলে যায়। হামলাকারীরা মুখোশ পরা ছিলেন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ঘটনায় জড়িতদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে। কী নিয়ে শত্রুতা সেটাও আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। তদন্তের স্বার্থে আপাতত প্রকাশ করছি না। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পূর্বতারা/ইউডি