সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজারের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত জামায়াত কর্মীর নাম হাফেজ আহমেদ সজীব। তিনি মগধরা ৫ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন। তবে এ ঘটনার সাথে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, পেলিশ্যার বাজারে একজনকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, সজীব রাতে পেলিশ্যার বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজারের পূর্ব পাশে পৌঁছলে একদল সন্ত্রাসী অতর্কিতে তার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় সজীব আহমেদ জানান, জামায়াতের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণার কারণে তাকে কিছুদিন ধরে ছাত্রদল ও যুবদলের পরিচয় দিয়ে হুমকি দেয়া হচ্ছিল। হামলার সময় তিনি আকবর ও আলভি নামে দু’জনকে শনাক্ত করতে পেরেছেন বলেও দাবী করেন।
জামায়াত ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দীন সিকদার বলেন, “গণতান্ত্রিক পরিবেশে আদর্শিক রাজনীতি করার কারণে একজন কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। আমরা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
পূর্বতারা/ইউডি/ মো. রহিম উল্যা