বুধবার, ১৭ জুন ২০২৬

রাউজানে ফের গুলি, যুবদল কর্মী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫

চট্টগ্রামের রাউজানে আবারও অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী আহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ যুবদল কর্মীর নাম মুহাম্মদ নাসির উদ্দিন। তিনি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা। নাসির যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তবে পুলিশের দাবি, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ৫টি মামলা রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিক উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখিল গ্রামে কাউসারুজ্জামান (৩৬) নামের প্রবাসফেরত এক বিএনপি-সমর্থককে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার ৪৩ ঘণ্টার মাথায় আবার গুলির ঘটনায় আরেকজন আহত হওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

ভিডিও