বুধবার, ১৭ জুন ২০২৬

স্বামীর গাড়ি ৩৯ লাখ, শাকিলা চড়েন ৮৬ লাখ টাকার জিপে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০০

ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী সাংসদ প্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানার চেয়ে তার স্বামী বাহাউদ্দিনের সম্পদ প্রায় ১০ গুণ বেশি। অথচ তার স্বামীর গাড়ির দাম যেখানে মাত্র ৩৯ লাখ টাকা। সেখানে শাকিলার জিপ গাড়িটির দাম প্রায় ৮৬ লাখ টাকা। নির্বাচন কমিশনে শাকিলার জমা দেয়া হলফনামা বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

হলফনামায় দেখা গেছে, শাকিলা ফারজানার স্বামী মো. বাহাউদ্দিন একজন শিল্পপতি। তার বার্ষিক আয় দুই কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ৮৩ টাকা। তার ব্যবহৃত প্রাইভেটকারের মূল্য ৩৯ লাখ এক হাজার ৬৮১ টাকা। আর আইন পেশাজীবী ব্যারিস্টার শাকিলার বার্ষিক আয় ১৪ লাখ টাকার কিছু বেশি। অথচ তার ব্যবহৃত জিপ গাড়িটির দাম ৮৫ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা।

শাকিলা ফারজানার স্থাবর-অস্থাবর মিলিয়ে এক কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৫৭৪ টাকা সম্পদ রয়েছে। এর মধ্যে অস্থাবর সম্পদ হিসেবে পাঁচ লাখ চার হাজার ৯১৭ টাকা হাতে নগদ, তিন লাখ ৫০ হাজার সাত টাকা ব্যাংকে জমা, ৮৫ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা দামের একটি জিপ গাড়ি, ৫৫ ভরি স্বর্ণালংকার, ৭০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও তিন লাখ টাকার আসবাব রয়েছে। পাশাপাশি বর্তমান বাজারমূল্যে ৭০ লাখ টাকার একটি ফ্ল্যাট রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, শাকিলার স্বামী বাহাউদ্দীনের স্থাবর-অস্থাবর মিলিয়ে ১০ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ৪৭ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে অস্থাবর সম্পদ হিসেবে দুই লাখ ৮৪ হাজার ৭০৬ টাকা হাতে নগদ, ৩১ লাখ ৪১ হাজার ৪৩ টাকা ব্যাংকে জমা (ডিপিএসসহ), দুই কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৯৮৩ টাকার বন্ড, শেয়ার ও ঋণপত্র, ১১ লাখ ৭৩ হাজার ৬২৬ টাকার এফডিআর, ৩৯ লাখ এক হাজার ৬৮১ টাকা দামের একটি প্রাইভেট কার এবং তিন লাখ ৭০ হাজার টাকার আসবাব রয়েছে।

পাশাপাশি তার বর্তমান বাজারমূল্যে সাত কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে। যার অর্জনকালীন মূল্য দুই কোটি ৪১ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে ২১ লাখ ৭১ হাজার ৬৫০ টাকার কৃষিজমি, ২৯ লাখ ৫৫ হাজার ৫০০ টাকার অকৃষি জমি এবং চট্টগ্রামের রহমতগঞ্জ ও ঢাকার বসুন্ধরা সিটিতে দুটি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাট দুটির আনুমানিক মূল্য দেখানো হয়েছে এক কোটি ৯০ রাখ ৪৩ হাজার টাকা।

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের ৩৬ জন মনোনয়ন প্রত্যাশী থেকে একমাত্র শাকিলা ফারজানাকেই মনোনীত করেছে বিএনপি। শাকিলা ফারজানা বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রয়াত নেতা সৈয়দওয়াহিদুল আলমের মেয়ে।

পূর্বতারা/ ইউডি

ভিডিও