বুধবার, ১৭ জুন ২০২৬

মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, ক্ষোভে সড়ক অবরোধ

মিরসরাই প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৩

চট্টগ্রামের মিরসরাইয়ে হামলায় আহত শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) নামে এক ছাত্রদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা নাজমুল হোসেন।

এদিকে হৃদয়ের মৃত্যুর খবরে উত্তপ্ত হয়ে ওঠে মিরসরাইয়ের কয়লা বাজার এলাকা। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় স্থানীয় বিএনপি নেতা দুলালের বাড়িতে হামলার ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে কয়লা বাজার এলাকায় অবৈধভাবে আনা একটি গরুবাহী ট্রাক আটকে দেয় স্থানীয়রা। এ সময় চাঁদা দাবিকে কেন্দ্র করে যুবদল নেতা সবুজ ও তার সহযোগীদের সঙ্গে গরু ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয়। পরে ওই ঘটনার জেরে হৃদয় ও আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।

হৃদয়ের বাবা আব্দুল আলিম অভিযোগ করে বলেন, ‘অবৈধ গরু ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্তদের একজন মো. টিপু হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, তার ভাই সুমনের ওপর হামলা হয়েছিল, তবে হৃদয়ের ওপর কারা হামলা করেছে তা তিনি জানেন না।

এ বিষয়ে জোরারগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

ভিডিও