শুক্রবার, ১৯ জুন ২০২৬

‘গুপ্ত’ রাজনীতি শক্ত হাতে প্রতিহত করা হবে : চবি ছাত্রদল সভাপতি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩

‘শিক্ষার্থীদের পরিবেশ নষ্ট করতে যে সংগঠনই সামনে আসবে, জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতিহত করবে। তারা আমাদের ব্যক্তিগত জীবন থেকে পরিবার কিংবা সামাজিক- কোনো ভাবেই ছাড় দেয়নি। আপনারা রাজনীতি করেন সেটা সাধুবাদ জানাই, কিন্তু গুপ্তভাবে রাজনীতি করলে সেটা শক্তভাবে মোকাবিলা করা হবে। অনেক ছাড় দিয়েছি, আর দেওয়া হবে না’।

চট্টগ্রাম সিটি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন এসব কথা বলেন

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে অবস্থান করবে, বিতর্ক তৈরির চেষ্টা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় এখনও বৈষম্যমুক্ত হয় নাই। বিশ্ববিদ্যালয়ে এখনও রাজাকার, আলবদর ও আল শামসের বাহিনীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছে।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আজ গুপ্তদের গায়ে জ্বলন ধরেছে। অতীতে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সেজে নির্যাতন করতো, সেই গুপ্তদের পরিচয় প্রকাশ পেয়েছে’।

বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতা-কর্মীরা ‘ একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘গুপ্তবাহিনীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা-কর্মীরা।

ভিডিও