খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে ৩ শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।
জানা গেছে, খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহলের সময় পাহাড় কাটার স্থানে কয়েকজনকে অবৈধভাবে মাটি উত্তোলন করতে দেখে। পরে তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করা হয়।
ইউএনও ফারিয়া সুলতানা বলেন, পাহাড় কাটার অভিযোগে তিন শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাহাড়ের মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ উপস্থিত ছিলেন।