চট্টগ্রাম থেকে ৩৭১ জন যাত্রী নিয়ে শুরু হয়েছে প্রথম হজ ফ্লাইট। রোববার সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে যাত্রা দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং–৭৭৭ উড়োজাহাজটি ঢাকা থেকে আরও ৪১ জন যাত্রী নিয়ে যাত্রা দেবে।
পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিমানবন্দরে উপস্থিত হয়ে জেদ্দাগামী প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেছেন।
উদ্বোধনী বক্তব্যে মীর হেলাল উদ্দিন বলেন, চট্টগ্রামের হাজীরা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মদিনা আল মনোয়ারার উদ্দেশ্যে যাত্রা দিচ্ছেন। বিমানবন্দরের ব্যবস্থাপনা খুবই সুন্দর। সবকিছু অনটাইম রয়েছে। হজযাত্রাকে সহজ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশনায় ঢাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ সব ব্যবস্থাপনা সুচারুরূপে সম্পন্ন করছেন। চট্টগ্রামেও এর ব্যতিক্রম হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ১৬টি হজ ফ্লাইটের শিডিউল ঘোষণা হয়েছে। এর মধ্যে ১২টি ফ্লাইট চট্টগ্রাম থেকে হজযাত্রী নিয়ে সরাসরি জেদ্দা বিমানবন্দরে এবং চারটি ফ্লাইট সরাসরি মদিনায় যাবে।
পূর্বতারা/ইউডি