বুধবার, ১৭ জুন ২০২৬

ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে ফয়সাল আহমেদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়ায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সকালে সোয়া ১০টার দিকে সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে অবস্থান করা এক কিশোর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, ‘সকাল আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সীতাকুণ্ড উপজেলা অতিক্রমের সময় বারৈয়ারঢ্যালা ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে ট্রেনের ছাদ থেকে এক কিশোর পড়ে ঘটনাস্থলে মারা যায়।’

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে আমরা গিয়ে নিহত ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছি। সে কিশোরগঞ্জ জেলার মিঠাময় থানাধীন এলাকার বাসিন্দা মোহাম্মদ বশিরের ছেলে। আমরা তার সুরতাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।’

ভিডিও