বুধবার, ১৭ জুন ২০২৬

হাটহাজারীতে ট্রাকচাপায় কৃষক দল নেতা নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩

চট্টগ্রাম হাটহাজারীতে কৃষক দলের এক নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাওনা টাকা না দিয়ে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফয়সাল (৩৪) ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত আবদুল মালেকের ছেলে। তিনি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে হাটহাজারী থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, নিহত ফয়সাল প্রতিবেশী ট্রাকচালক মোহাম্মদ জুয়েলের কাছে প্রায় ৩৫ হাজার টাকা পাওনা ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

শনিবার রাতে টাকা চাইতে গেলে ফয়সালকে সড়কে ট্রাকচাপা দেন জুয়েল। এতে ফয়সাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, নিহত ফয়সালের মা পারভিন আক্তার বাদী হয়ে সকালে হাটহাজারী থানায় মামলা করেছেন। এতে ট্রাকচালক জুয়েলকে আসামি করা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। অভিযুক্ত জুয়েল পলাতক। নিহত ফয়সালের লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।

ভিডিও