চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে ডিজেল তেল মজুদ রাখার দায়ে জাহেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার দোকান থেকে ৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের নাফরটিলা বাজারে একটি ট্রাভেলস অ্যান্ড এজেন্সির দোকানে এ অভিযান পরিচালিত হয়।
জেলা এনএসআই, চট্টগ্রাম’র তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। অভিযানকালে উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা (এএও) ফয়সাল আমীর, এনএসআই সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চরম্বা ইউনিয়নের নাফরটিলা এলাকায় একটি দোকানে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকান থেকে ৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মচারী জাহেদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।