চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ কৃষকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি সাইদুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রিংকু উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) খৈয়াছড়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে একটি সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা। এ সময় কিল-ঘুষিতে গুরুতর আহত হন শফিউল আলম নামে এক বৃদ্ধ কৃষক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে আরাফাত হোসেন সিফাত বাদী হয়ে মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি হিসেবে সাইদুল ইসলাম রিংকুর নাম উল্লেখ করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পাহাড়তলী এলাকা থেকে রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নিহত শফিউল আলমকে।