বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে সবজির বাজারে আগুন, স্বস্তি কেবল আলুতে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫

চট্টগ্রামের কাঁচাবাজারে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে উঠেছে সাধারণ মানুষ। গত প্রায় ১০ দিন ধরে অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে, ফলে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে চরম চাপ তৈরি হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) নগরীর ২ নম্বর গেইট, বহদ্দারহাট, হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মৌসুমি ও শীতকালীন সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ফুলকপি প্রতি কেজি ১৭০-১৮০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঝিঙ্গা ১১০-১২০ টাকা, পটল ৯০-১০০ টাকা এবং চিচিঙ্গা ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া ধুন্দুল, করলা, শসা ও বরবটি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলা, টমেটো ও ঢেঁড়সের দাম ৬০ টাকা, লাউ ৬০-৭০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম বেড়ে ১২০-১৩০ টাকায় পৌঁছেছে। তবে আলুর দাম তুলনামূলক স্থিতিশীল থেকে ২৫-২৬ টাকায় রয়েছে।

বাজারে শুধু দামই নয়, সরবরাহও কম দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, নতুন সবজির পর্যাপ্ত সরবরাহ না থাকা এবং জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি পর্যায় থেকেই দাম বেশি পড়ছে।

রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে সবজি আনতে খরচ বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। এর ফলে ক্রেতাদের উপস্থিতিও কমে গেছে। অনেকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন।

এদিকে মাছের বাজারেও একই চিত্র। সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় পুকুরের মাছের দাম বেড়েছে। তেলাপিয়া ২৫০ টাকা, রুই ৩০০ টাকা এবং পাঙ্গাস ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ ব্যবসায়ীদের মতে, জ্বালানি সংকটের কারণে অনেক জেলে সাগরে যেতে পারছেন না, ফলে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ কমে গেছে।

ভিডিও