বুধবার, ১৭ জুন ২০২৬

মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বন্ধুর একটি দল লামার মিনঝিরি এলাকায় অবস্থিত একটি রিসোর্টে বেড়াতে আসে। দুপুরে তারা মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় অসাবধানতাবশত সায়েম গভীর পানির দিকে চলে গেলে তিনি তলিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। লামা ফায়ার সার্ভিসের একটি দল দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

হোয়াইট পিক স্টেশনের ম্যানেজার মো. আরাফাত বলেন, ৬ জনের গ্রুপটি ১২টায় আমাদের রিসোর্টে চেক ইন করে। আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হয়েছে। তারপরেও আনন্দের ছলে তারা ওখানে গিয়ে গোসল করতে গেলে সায়েম পানিতে ডুবে যায়। আমরা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি।

লামা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ বলেন, দেড়টা থেকে আমাদের টিম উদ্ধার অভিযান শুরু করেছে। সন্ধ্যা পর্যন্ত সায়েমকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

ভিডিও