চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি মো. সোহেলকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল সীতাকুণ্ড উপজেলার মধ্যম ভাটেরখীল এলাকার বাসিন্দা। বুধবার (১৫ এপ্রিল) র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চলছিল। এরই ধারাবাহিকতায় পলাতক আসামি সোহেলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ও মামলার সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর আলম শামিম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। আসামিদের সঙ্গে তার আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার হুমকি ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
গত ৮ এপ্রিল রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে শামিমকে মধ্যম ভাটেরখীল এলাকার একটি সড়কের পাশে ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তি ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।