চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে দুই মাসের শিশুকে কেড়ে নিয়ে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারিয়-মুরাদপুর এলাকায় ইব্রাহীম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সাপরিনা জান্নাত মাহিরা। সে ওই এলাকার ওসমান গণি ও সুমাইয়া আক্তারের মেয়ে।
হাটহাজারী থানার এসআই হাবিবুর রহমান জানান, সকালে ওসমান গণি তার স্ত্রী সুমাইয়া আক্তারের কাছে চা চান। চা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি মায়ের কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে মাটিতে দুইবার আছাড় দেন।
পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই শিশুটির বাবা ওসমান গণি পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে শিশুটির চাচা রোমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।