বুধবার, ১৭ জুন ২০২৬

চন্দনাইশে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৯

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে প্রথমবারের মতো শুরু হয়েছে চার দিনব্যাপী বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ অনুষ্ঠান। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসব ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।

সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বর্ষবরণের মূল কার্যক্রম শুরু হয়।

বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ এর আহ্বায়ক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ খান, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চার দিনব্যাপী এই মেলায় স্টলগুলোতে গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার, শৌখিন সামগ্রী এবং পান্তা-ইলিশসহ নানা পণ্যের পসরা সাজিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলা এ মেলার মুক্তমঞ্চে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীদের পাশাপাশি বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও ঢাকাসহ বিভিন্ন এলাকার শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করবেন। জারি, সারি, ভাটিয়ালি, মুর্শেদী, মারফতী, মাইজভান্ডারীসহ বিভিন্ন ধারার লোকসংগীত মেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

ভিডিও