চট্টগ্রাম থেকে চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে। এদিন বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, এক দিন আগে অর্থাৎ ১৮ এপ্রিল রাজধানী ঢাকা থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে। আর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ১৯ এপ্রিল বিকাল ৫টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
প্রথম ফ্লাইটে মোট ৪১৭ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে বিশেষ প্রয়োজনে সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব গমন করবেন। এর মধ্যে চট্টগ্রাম থেকে যাচ্ছেন ৫ হাজার ৬৭৫ জন।
জানা গেছে, চট্টগ্রাম থেকে মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ১২টি ফ্লাইট সরাসরি জেদ্দা এবং বাকি ৪টি ফ্লাইট মদিনায় অবতরণ করবে।
হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার জানান, চট্টগ্রাম অঞ্চলের নিবন্ধিত ৫ হাজার ৬৭৫ জন নারী-পুরুষ ইতোমধ্যে হজের জন্য প্রস্তুত। গত কয়েক বছরে চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ধীরে ধীরে কমছে। গত বছর ছিল প্রায় সাড়ে ৬ হাজার, ২০২৪ সালে প্রায় ৮ হাজার, ২০২৩ সালে ১০ হাজারের বেশি এবং ২০২২ সালে ছিল প্রায় ১২ হাজার।