পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামে চলছে নানা অনুষ্ঠানের প্রস্তুতি। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা,সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন ।
প্রতি বছর ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ-চট্টগ্রাম এর আয়োজনে বর্ষবরণের প্রধান আয়োজনটি অনুষ্ঠিত হতো। তবে এবার স্থান বদল হচ্ছে । এবার ৪৮তম আয়োজনটি ডিসি হিলের পরিবর্তে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিষদের সমন্বয়ক সুচরিত দাশ খোকন।
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসন ও রেলওয়ে পূর্বাঞ্চল জোনের আয়োজনে এবং সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ-চট্টগ্রামের সহযোগিতায় সিআরবির শিরীষতলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবারও উদীচী চট্টগ্রাম জেলা সংসদ আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ জানান, ১৯৭৩ সালে চট্টগ্রামে প্রথমবারের মতো নববর্ষ উদযাপনের আয়োজন করেছিল উদীচী। এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল নন্দনকানন কাটাপাহাড় লেইনে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের।
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর আয়োজনে ১৪ এপ্রিল জে এম সেন হলে বর্ষবরণ উৎসব অনুষ্ঠানের আয়োজন চলছে। সংগঠনের সহ-সভাপতি আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী জানান, আবৃত্তি-সঙ্গীত-যন্ত্রসঙ্গীত-নৃত্য সহ নানান আয়োজনে সাজানো হয়েছে বোধনের বর্ষবরণ উৎসব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ সকালে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হবে বৈশাখী শোভাযাত্রা।
১৩ এপ্রিল থেকে টাইগার পাস পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম নারী উদ্যোক্তা শক্তি’র আয়োজনে ৬ দিনব্যাপী বৈশাখী উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে।
১৩ এপ্রিল রাত ৮টায় এনায়েতবাজার বৌদ্ধ মন্দির সড়কে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম’র উদ্যোগে ‘রাজপথে আলপনা অংকন’ অনুষ্ঠিত হবে।
ফুলকি’র আয়োজনে আজ ১২ এপ্রিল বিকাল ৪ টা থেকে তিন দিনব্যাপী বৈশাখী মেলাসহ নানা আয়োজনের প্রস্তুতি চলছে।
১৪ এপ্রিল পতেঙ্গা সৈকত এলাকায় চট্টগ্রাম সার্বজনীন ‘বৈসু, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু, সাংক্রান-২০২৬ উদযাপন কমিটি’র আয়োজনে উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তা অরুণ জয় চাকমা।
চট্টগ্রামে সম্মিলিত ভাবে পহেলা বৈশাখ উদ্যাপনের উদ্যোগ ১৯৭৩ সাল থেকে ইস্পাহানী পাহাড়ের পাদদেশে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজিত হয়। পরবর্তীতে ডিসি হিল পার্কে তা স্থানান্তরিত হয়। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান,সংস্থা,সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।
পূর্বতারা/ইউডি