শনিবার, ১৩ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় চেকপোস্টে তল্লাশি, অটোরিকশায় মিলল ২ বন্দুক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৬

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ফকিরটিলা এলাকায় সিএনজি অটোরিকশা থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে ফকিরটিলা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব অস্ত্র উদ্ধার পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে অটোরিকশা চালকসহ তিনজনকে আসামি করা হয়েছে, তারা সবাই পলাতক।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ জানান, শুক্রবার রাতে ফকিরটিলা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে তাতে থাকা ব্যক্তিরা পুলিশ দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সিএনজি অটোরিকশা নিয়ে পার্শ্ববর্তী একটি সড়ক দিয়ে পাহাড়ি এলাকায় গিয়ে যাত্রীরা পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া সিএনজি অটোরিকশা তল্লাশি করে দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিএনজি অটোরিকশা চালক মো.মিনহাজকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় চালকসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিও