বুধবার, ১৭ জুন ২০২৬

চার গাড়ির সংঘর্ষে ছিঁড়ে পড়ে ৫ টনের স্টিলের বান্ডেল, পথচারী নিহত

মিরসরাই প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আশরাফ (১৮)। তিনি মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন—সোহাগ (২০), রাসেল (৩২) এবং নুরুল আমিন (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতির থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। পরে ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক। এর কিছুক্ষণ পর ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে একটি কাভার্ডভ্যানের ওপর পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সিটে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পারাপারের সময় এক পথচারী গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, হাসপাতালে আনা আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পথচারী আশরাফ মারা যান।

ভিডিও